সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণ ভোটের জন্য মুখিয়ে আছে। রাজনৈতিক দলগুলোও প্রস্তুত। তারপরও নির্বাচনী ষড়যন্ত্রের তথ্য শোনা যাচ্ছে। কিন্তু এসব ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।
রোববার সকাল ১০টা থেকে নগরীর কালীঘাট, মহাজনপট্টি ও আশপাশের এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রচারণা কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী নিজ হাতে লিফলেট বিতরণ করেন এবং দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের কাছে বিএনপির ৩১ দফা কর্মসূচির মর্মার্থ তুলে ধরেন। স্থানীয় ব্যবসায়ীরা তাকে স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দন জানান এবং প্রচারণায় সহমর্মিতা প্রকাশ করেন।
প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা শুক্কুর, বন্দর বাজার জামে মসজিদের সভাপতি কয়ছর আহমদ, ব্যবসায়ী কয়েছ আহমদ, বিএনপি নেতা জলিলসহ আরও অনেকে।
তিনি বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। বিএনপি শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








