শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে দেড় শতাধিক কোরআনের পাখিদের মাঝে কোরআন বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১০/১০/২০২৬ ০৭:২৩:৪৯ অপরাহ্ন

গোয়াইনঘাটে দেড় শতাধিক কোরআনের পাখিদের মাঝে কোরআন বিতরণ


গোয়াইনঘাট উপজেলার জামেয়া ইসলামিয়া দারুল হাদিস আনসারুল উলুম জয়নগর মাদ্রাসার বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৬৫টি পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের কোরআনের শিক্ষায় উদ্বুদ্ধ করা, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং নৈতিক চরিত্র গঠনে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল।

শনিবার দুপুর ২টায় মাদ্রাসার দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ১৬৫ টি  পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয়।

রোটারিয়ান ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ রহিমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আলম খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতুগ্রাম তাজুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা বদরুজ্জামান।

বক্তব্য রাখেন সিলেট রোটারীয়ান ক্লাবের সভাপতি  পিপি ইঞ্জিনিয়ার  রহুল আলম খান পিএইচএফ  সেক্রেটারি রোটারিয়ান নিশি কান্ত দাস আরএফএসএম, রোটারিয়ান পিপি এম এ রহিম আরএফএসএম রোটারিয়ান পিপি ড.এম শহীদুল ইসলাম পিএইচএফ, রোটারিয়ান আহমদ রশীদ চৌধুরী আরএফএসএম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বদরুজ্জামান বলেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ পথনির্দেশনা। কোরআনের শিক্ষা মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলতে, অন্যায় থেকে বিরত থাকতে, পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল হতে এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করতে শেখায়। তাই শুধু কোরআন তিলাওয়াত নয়, এর অর্থ অনুধাবন করে শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে।

তিনি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত প্রজন্ম। মেধা ও যোগ্যতার পাশাপাশি সৎ, আদর্শবান, মানবিক এবং নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। কোরআনের শিক্ষা ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে হবে। সুন্দর জীবন গঠনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের এ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করা, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সহযোগিতা করা অত্যন্ত প্রশংসনীয় কাজ। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের পথনির্দেশক। শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে কোরআন শরীফ তুলে দেওয়ার মাধ্যমে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ইসলামী শিক্ষার চর্চাও আরও উৎসাহিত করবে। বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক চরিত্র গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের এ উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রোটারিয়ান এবং বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর