রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

কানাইঘাটে সীমান্তের কৃষিজমিতে মিলল যুবকের গুলিবিদ্ধ মরদেহ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৬ ০৮:১৪:০০ অপরাহ্ন

কানাইঘাটে সীমান্তের কৃষিজমিতে মিলল যুবকের গুলিবিদ্ধ মরদেহ


কানাইঘাটের সীমান্তবর্তী এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহিন আহমদ (২৫) উপজেলার কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বিকেলে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় গ্রামের সীমান্তবর্তী কৃষিজমি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর শাহিন আর ফেরেননি। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন সীমান্তের ১৩২৮ নম্বর পিলারসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে সোনারখেওড় গ্রামের একটি কৃষিজমিতে তার গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, নিহত শাহিন মাঝেমধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে খাসিয়া পুঞ্জিতে শ্রমিকের কাজ করতেন। এ অবস্থায় শুক্রবার রাতে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা তাদের। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহতের ভাই জসিম উদ্দিন জানান, শাহিন দিনমজুরের কাজ করতেন। তার স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে।

কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে সীমান্তবর্তী সোনারখেওড় এলাকা থেকে শাহিন আহমদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর