মাজার থেকে ফেরার পথে বাস উল্টে নিহত ১, আহত ২০
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:২৪ PM

মাজার থেকে ফেরার পথে বাস উল্টে নিহত ১, আহত ২০

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৫ ০৪:২২:৪৯ PM

মাজার থেকে ফেরার পথে বাস উল্টে নিহত ১, আহত ২০


হবিগঞ্জের মাধবপুরে বাস উল্টে সড়কের পাশের খাদে পড়ে বাদল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহত বাদল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের পল্টু মিয়ার ছেলে। আহতদের সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে রিজার্ভ যাত্রী নিয়ে কুমিল্লাগামী একটি বাস বেজুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনায় বাদল মিয়া নিহত হন।

মাধবপুর থানার ওসি মোহাম্মদ উল্ল‍্যা জানান, তারা সবাই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক মাজারে জিয়ারত শেষে ভোরে ‘দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে বাড়ি ফিরছিলেন। বাসটি মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে বাসের নিচে অনেক যাত্রী আটকা পড়েন এবং বাদল মিয়া ঘটনাস্থলে মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর