সড়কে প্রাণহানি থামছে না সিলেট বিভাগে। গত অক্টোবর মাসে বিভাগের চার জেলায় ২৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৪৮ জন। নিহতদের মধ্যে ১৮ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ জন শিশু। প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে ৯ জনই ছিলেন মোটরসাইকেল চালক ও আরোহী।
বুধবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। বিপরীতে সবচেয়ে কম প্রাণহানির ঘটনা ঘটেছে সুনামগঞ্জ জেলায়।
দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ট্রাফিক নিয়ম না মেনে বেপরোয়াভাবে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব এবং সড়কের নির্মাণগত ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, অক্টোবর মাসে সিলেট জেলায় ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে ২টি দুর্ঘটনায় প্রাণ গেছে ২ জনের, আহত হয়েছেন ৩ জন। মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আর হবিগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
নিসচা সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকা, দুটি জাতীয় দৈনিকের তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা এবং নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভাগীয় কমিটি প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদনে দুর্ঘটনার ধরন ও নিহতদের পরিচয় সম্পর্কেও তথ্য তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ করা হয়, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ৯টি সড়ক দুর্ঘটনায় ৯ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৫টি দুর্ঘটনায় ৫ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ৬টি দুর্ঘটনায় ৬ জন চালক এবং ৪টি দুর্ঘটনায় ৪ জন পথচারী নিহত হয়েছেন।
এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার ৫টি দুর্ঘটনায় ৫ জন, মুখোমুখি সংঘর্ষের ৯টি ঘটনায় ১০ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে যানবাহনের আঘাতের ২টি ঘটনায় ২ জন নিহত হয়েছেন।
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হন।
আজকের সিলেট/ জেকেএস









