বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

সিলেট বিভাগে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২০৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/১১/২০২৬ ০৫:৪৯:০৯ অপরাহ্ন

সিলেট বিভাগে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২০৭


সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছে না। এবার প্রাণ গেছে তিন বছর বয়সী আরও এক শিশুর। সোমবার (২ নভেম্বর) জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৭ জনে।

মারা যাওয়া শিশুটি সুনামগঞ্জ সদর এলাকার বাসিন্দা।

মঙ্গলবার বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে শিশুটির মৃত্যুসহ হাম পরিস্থিতির সর্বশেষ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৮ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৮১ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সন্দেহজনক হাম আক্রান্ত ৪৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ১৯৩ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮৪ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম আক্রান্ত ১৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২০৭ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক মৃত্যুর হিসাবে সিলেটে সর্বোচ্চ ৮৩ জন মারা গেছেন। এ ছাড়া সুনামগঞ্জে ৭৪ জন, হবিগঞ্জে ৩৩ জন এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রকাশিত তথ্য বলছে, সিলেট বিভাগে হাম আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর