ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে লাইলাতুল বরাত পালিত
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৮ AM

ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে লাইলাতুল বরাত পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০২/২০২৪ ০১:১৫:৫৭ AM

ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে লাইলাতুল বরাত পালিত


সিলেট যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল বরাত পালিত হয়েছে। নিজ নিজ গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পালিত হয়েছে সৌভাগ্যের রজনী পবিত্র লাইলাতুল বরাত।

রোববার দিবাগত রাতে পালিত হয় পবিত্র লাইলাতুল বরাত। পবিত্র রজনী হিসেবে এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহতাআলা।

মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। সন্ধ্যার পর অনেকে কবরস্থানে যান এবং আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে সিলেট নগরী সহ জেলার সব কয়টি উপজেলায় ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন মসজিদে ধর্মীয় আলোচনা, কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ পাঠের মধ্য দিয়ে এই পবিত্র দিনটি পালন করছেন। অনেক মসজিদে সারারাত জুড়ে মুসল্লিরা নফল ইবাদাত করেছেন।

বিশেষত সিলেটে হযরত শাহজালার (রঃ) মাজার ও শাহপরান (রঃ), গাজী বুরহান উদ্দিন সহ বিভিন্ন ওলি আউলিয়ার মাজারে মুসল্লিদের ভিড় ছিলো সর্বাধিক।

এদিকে পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে সিলেটে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে শাহজালাল (রহ.) এর মাজারে বিপুল পরিমাণ লোকের সমাগম হওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে সহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

লাইলাতুল বরাতে মসজিদে মুসল্লিরা ছাড়াও বাসা-বাড়ীতে নারী-শিশুরা পবিত্র শবে বরাতে রাতভর ইবাদত বন্দেগী যথাযথ মর্যাদায় আদায় করছেন। অনেকেই আজ নফল রোজা পালন করছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর