সিলেট বিভাগে হামের উপসর্গে আরও এক কিশোরের মৃত্যু, মৃত বেড়ে ১৮২
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪০ PM

সিলেট বিভাগে হামের উপসর্গে আরও এক কিশোরের মৃত্যু, মৃত বেড়ে ১৮২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/১০/২০২৬ ০১:৩১:০৪ PM

সিলেট বিভাগে হামের উপসর্গে আরও এক কিশোরের মৃত্যু, মৃত বেড়ে ১৮২

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চাপ অব্যাহত রয়েছে। ছবি: সোহেল আহমেদ


সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। ১৭ বছর বয়সী ওই কিশোর হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। নতুন এই মৃত্যুর ফলে চলতি বছর বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ জনে। বৃহস্পতিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গে মারা গেছেন ১৭২ জন। পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ১০ জনের।

জেলাভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেটে। এ জেলায় এখন পর্যন্ত ৭৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৬৬ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারে ১৫ জন মারা গেছেন।

মৃত্যুর পাশাপাশি বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যাও বাড়ছে। ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৪০৮ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের তালিকায় রুবেলায় আক্রান্ত দুজনও রয়েছেন।

এদিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও কমেনি। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২০ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৭ জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে ৫৯৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯৮ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৭ জন ভর্তি আছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছর সিলেট বিভাগে হাম পরিস্থিতিতে হাসপাতালে রোগীর চাপের পাশাপাশি মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর