বিয়ানীবাজার পৌর শহরের ব্যাগের কারখানা থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ীর নাম আবু তাহের, নেত্রকোনা জেলার মদন উপজেলার বরাটি বাশরী গ্রামে। তিনি প্রায় ৩০ বছর ধরে বিয়ানীবাজার পৌর শহরে বসবাস করে আসছিলেন।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মোকাম মসজিদ রোড সংলগ্ন লন্ডন ম্যানশনে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আবু তাহেরকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
জানা যায়, আবু তাহের লন্ডন ম্যানশনের পঞ্চম তলায় বসবাস করতেন এবং দ্বিতীয় তলায় পলিব্যাগ ও প্যাকেটজাত পণ্যের একটি কারখানা পরিচালনা করতেন।
বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধ বা আর্থিক লেনদেনজনিত কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
বিয়ানীবাজার প্রতিনিধি 








