গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে হারের পর বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত। চার মাস পর আবারও তাঁর কাঁধেই উঠল টেস্ট সংস্করণের নেতৃত্ব।
শনিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, চলমান ২০২৫–২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শান্ত।
২৭ বছর বয়সী শান্ত প্রথম মেয়াদে ২০২৩ সালে টেস্ট দলের অধিনায়ক হন ১৪ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম বুলবুল বলেছেন,
এই সিদ্ধান্ত বোর্ডের তরফ থেকে ২৭ বছর বয়সী ব্যাটারের নেতৃত্ব ও বাংলাদেশের লাল-বল ক্রিকেটের জন্য তার দৃষ্টিভঙ্গির প্রতি আস্থা প্রদর্শন করে। শান্ত ধৈর্য, প্রতিশ্রুতি এবং টেস্ট ক্রিকেটের গভীর বোঝাপড়া প্রদর্শন করেছেন।’
শান্তর নেতৃত্বে দলের উন্নতি দেখছে বিসিবি। বুলবুল বলেন,
তার নেতৃত্বে আমরা দলের উন্নয়ন এবং বিশ্বাসের দৃশ্য দেখেছি। বোর্ড মনে করছে, নেতৃত্বে ধারাবাহিকতা আমাদের নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে ভালো ফল দেবে।’
আবারও নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত শান্ত,
‘বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই গর্বিত। আমার অধিনায়কত্বে বোর্ড যে আস্থা ও বিশ্বাস দেখিয়েছে, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। আমার দেশের টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাসাধ্যভাবে পালন করব।’
আয়ারল্যান্ড সিরিজ দিয়ে দ্বিতীয় মেয়াদে আবারও অধিনায়কত্ব শুরু করবেন শান্ত। বললেন,
এটি একটি আনন্দের বিষয়, আমি এমন একটি দলকে নেতৃত্ব দিচ্ছি যার অনেক প্রতিভা ও সম্ভাবনা আছে। আমি বিশ্বাস করি, আমাদের সামনে একটি উত্তেজনাপূর্ণ ও ইতিবাচক মৌসুম অপেক্ষা করছে। আমরা এই মাসের শেষের দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য অপেক্ষা করছি, যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য একটি ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সময়ের সূচনা চিহ্নিত করে।’
শান্ত প্রথম মেয়াদে দায়িত্ব ছাড়ার পর অবশ্য বাংলাদেশ দল আর কোনো টেস্ট খেলেনি। ৩৭টি টেস্ট খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। করেছেন ২১৮৯ রান, ব্যাটিং গড় ৩২.১৯। ৭টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৫ ফিফটি।
আজকের সিলেট/এপি
ক্রীড়া ডেস্ক 








