শেষ হতে চলেছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মযজ্ঞ। প্রচার-প্রচারণা শেষে সারা দেশের ন্যায় মৌলভীবাজারেও প্রতীক বরাদ্দের দিন থেকে অনবরত প্রচারের পর সবার মনোযোগ এখন ভোট কেন্দ্রের দিকে। এতদিন প্রার্থী, সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে সরব ছিল ভোটের মাঠ। এবার ভোটের পালা। পর্যটন অধ্যুষিত চায়ের দেশ মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মৌলভীবাজার ১
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ থেকে চারবারের সাবেক এমপি, পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন, তৃণমূল বিএনপির মো. আনোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল ইসলাম।
১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসনে মোট ভোটার তিন লাখ ১৫ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬০ হাজার ২৭৮ জন। নারী ভোটার এক লাখ ৫৫ হাজার ৫৬৭ জন। যেখানে মোট ভোট কেন্দ্র একশত ১২টি ও স্থায়ী অস্থায়ী মিলিয়ে বুথ থাকবে ছয়শত ৯৩টি।
মৌলভীবাজার ২
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে পদত্যাগকারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মো. আব্দুল মতিন, তৃণমূল বিএনপির এম এম শাহীন, ইসলামী ঐক্যজোটের মাওলানা আসলাম হোসাইন রাহমানী, বিকল্পধারার মো. কামরুজ্জামান শিমু, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে এনামুল হক মাহতাব ও জাতীয় পার্টির আব্দুল মালিক।
১টি পৌরসভা ও ১৩ ইউনিয়ন নিয়ে মৌলভীবাজার-২ আসনে মোট ভোটার দুই লাখ ৮৫ হাজার ২১২ জন। এরই মধ্যে পুরুষ ভোটায় এক লাখ ৪৬ হাজার ৫০৯ জন। নারী ভোটার এক লাখ ৩৮ হাজার ৭০৩ জন। যেখানে মোট ভোট কেন্দ্র একশত ৩টি ও স্থায়ী অস্থায়ী মিলিয়ে বুথ থাকবে ছয়শত ৯৬টি।
মৌলভীবাজার ৩
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- নৌকা প্রতীকের জিল্লুর রহমান, জাসদের আব্দুল মোসাব্বির, ওয়ার্কার্স পার্টির তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির মো. আলতাফুর রহমান ও এনপিপির মো. আবু বকর, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. ফাহাদ আলম ও ইসলামী ফ্রন্টের মো. আব্দুর রউফ।
১টি পৌরসভা ও ২০টি ইউনিয়ন নিয়ে মৌলভীবাজার-৩ আসনে মোট ভোটার চার লাখ ৫৬ হাজার ৩৮৫ জন। এরই মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩১ হাজার ৮৪৪ জন। নারী ভোটার দুই লাখ ২৪ হাজার ৫৪১ জন। যেখানে মোট ভোট কেন্দ্র একশত ৭৪টি ও স্থায়ী অস্থায়ী মিলিয়ে বুথ থাকবে ৯০৫টি।
মৌলভীবাজার ৪
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ থেকে ছয়বারের সংসদ সদস্য সাবেক হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, ইসলামী ঐক্যজোটের মো. আনোয়ার হোসাইন ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিদ হাসানী।
এই আসনটি ২টি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার চার লাখ ৫৯ হাজার ১১০ জন। তার মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩১ হাজার ১৪৯ জন। নারী ভোটার দুই লাখ ২৭ হাজার ৯৫১ জন। যেখানে মোট ভোট কেন্দ্র একশত ৬০টি ও স্থায়ী অস্থায়ী মিলিয়ে বুথ থাকবে এক হাজার ১১টি।
আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এ জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে মৌলভীবাজার-১, ৩ ও ৪ আসনে নৌকার বিপরীতে কোনো স্বতন্ত্র প্রার্থী বা অন্যকোন দলের শক্ত প্রার্থী নেই। এ কারণে এই ৩টি আসনে নৌকার বিজয় প্রায় নিশ্চিত হলেও মৌলভীবাজার-২ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
আজকের সিলেট/ডিপি/এসটি
মৌলভীবাজার প্রতিনিধি 








