সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় আগ্নেয়াস্ত্র, গুলি, মাদকসহ প্রায় ১ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে একটি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান, ৮ রাউন্ড গুলি ও ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত এলাকায় অভিযানটি চালায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) একটি দল।
গোয়াইনঘাট সীমান্তে অভিযানে ভারতীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও মদসহ প্রায় ১ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। ছবি: সোহেল আহমেদ
বিজিবি জানায়, অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র, গুলি ও মদ উদ্ধারের পাশাপাশি ভারত থেকে আনা বিপুল পরিমাণ জিরা, গরু, কসমেটিকস, কম্বল ও প্রসাধনসামগ্রী জব্দ করা হয়। একই অভিযানে বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করে বিজিবি।
বিজিবির হিসাবে, জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৭৩ হাজার টাকা।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজকের সিলেট/ জেকেএস









