অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনা দলে নতুন মুখ, আছেন মেসিও
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩২ PM

অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনা দলে নতুন মুখ, আছেন মেসিও

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ০৯:৫৩:০৪ AM

অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনা দলে নতুন মুখ, আছেন মেসিও


অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুই তরুণ ফরোয়ার্ড ওয়াকিন পানিচেলি ও জানলুকা প্রেস্তিয়ানি।

ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির মাঝেও স্কোয়াডে আছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে ম্যাচে তার খেলা এখনো অনিশ্চিত। আগামী শুক্রবার অ্যাঙ্গোলার মাঠে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের একদিন আগেই দল ঘোষণা করেন কোচ।

ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি ও রদ্রিগো দে পল দুজনেই স্কোয়াডে আছেন, যদিও দুজনকে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। কারণ, তাদের ক্লাব বর্তমানে মেজর লিগ সকার (এমএলএস) প্লে-অফে ব্যস্ত। ন্যাশভিলের বিপক্ষে তৃতীয় রাউন্ডের ম্যাচ রোববার অনুষ্ঠিত হবে। মায়ামি জিতলে তাদের সেমিফাইনাল পড়বে ২২ বা ২৩ নভেম্বর। যেটি মিলে যেতে পারে জাতীয় দলের সূচির সঙ্গে।

এদিকে এবার ফিফা উইন্ডোতেও আর্জেন্টিনা প্রিমেরা ডিভিশন চালু রাখার সিদ্ধান্ত নেওয়ায় দেশের লিগের কোনো খেলোয়াড়কে ডাকা হয়নি স্কোয়াডে। নতুন মুখ পানিচেলি ও প্রেস্তিয়ানি সাম্প্রতিক পারফরম্যান্স দিয়েই জায়গা করে নিয়েছেন। স্ত্রাসবুরের হয়ে চলতি মৌসুমে ১১ ম্যাচে ৯ গোল করেছেন পানিচেলি, বর্তমানে ফরাসি লিগের শীর্ষ গোলদাতা তিনি। অন্যদিকে, বেনফিকার উইঙ্গার প্রেস্তিয়ানি ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে নজর কেড়েছিলেন।

বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। গত মাসে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে জয় পাওয়া আর্জেন্টিনা এবার বছরের শেষ ফিফা উইন্ডোতে একটিমাত্র ম্যাচ খেলবে।

অ্যাঙ্গোলা ম্যাচের জন্য আর্জেন্টিনা দল

গোলরক্ষক: জেরোনিমো রুলি, ওয়াল্তার বেনিতেস

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, ভালেন্তিন বার্কো

মিডফিল্ডার: আলেক্সিস মাক আলিস্তের, মাক্সিমো পেরোনে, রদ্রিগো দে পল, এনসো ফের্নান্দেস, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, নিকো পাস

ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ানো সিমেওনে, ওয়াকিন পানিচেলি, জানলুকা প্রেস্তিয়ানি, নিকোলাস গন্সালেস, লাউতারো মার্তিনেস, হোসে মানুয়েল লোপেস, হুলিয়ান আলভারেস

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর