জনগণের সেবা ও উন্নয়নই আমার অঙ্গীকার : এমরান আহমদ চৌধুরী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১২ PM

জনগণের সেবা ও উন্নয়নই আমার অঙ্গীকার : এমরান আহমদ চৌধুরী

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২/১১/২০২৫ ০৭:৪২:৫৩ PM

জনগণের সেবা ও উন্নয়নই আমার অঙ্গীকার : এমরান আহমদ চৌধুরী


ধানের শীষ বিজয়ী হলে সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও জনসাধারণের মৌলিক চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরী।

তিনি বলেন, আমার রাজনৈতিক জীবনের লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা এবং এ অঞ্চলের উন্নয়নের ধারা পুনরুদ্ধার করা। যদি জনগণ আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করেন, তবে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন হবে। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করা, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এই এলাকার মানুষকে আরও এগিয়ে নিতে চাই।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তাই দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপি একটি ঐক্যবদ্ধ পরিবার—এখানে ব্যক্তিগত স্বার্থ বা পদ-পদবি নয়, দল ও দেশের স্বার্থই সবার আগে। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা মানে গণতন্ত্র ও জনগণের অধিকারকে পুনরুদ্ধার করা।

এমরান আহমদ চৌধুরী আরও বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার এই লড়াইয়ে সাধারণ ভোটারই বিএনপির সবচেয়ে বড় শক্তি। আমরা ঐক্যবদ্ধ থাকলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। দলই সবার আগে, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। একজন কর্মী হিসেবে দলের মনোনীত প্রার্থীর পক্ষে আমি সর্বাত্মকভাবে কাজ করে যাব।

বুধবার বিকেলে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জাসাস আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমরান আহমদ চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, বিএনপি নেতা কামাল হোসেনসহ নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এমরান আহমদ চৌধুরী একজন যোগ্য, শিক্ষিত ও নিবেদিতপ্রাণ রাজনীতিক। তাঁর নেতৃত্বে সিলেট-৬ আসনে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর