অর্থাভাবে চিকিৎসা করতে না পেরে মৃত্যুর প্রহর গুনছেন দিনমজুর মো. আজিজুল (২৯)। পেশায় দিনমজুর আজিজুল সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কচুদাইড় গ্রামের রঙ্গু মিয়ার ছেলে। তিন সন্তানের পিতা তিনি, যাদের মধ্যে একজন নবজাতক।
জানা গেছে, দিনমজুরের কাজ করে সারাদিনের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে কোনোরকমে সংসার চালাতেন আজিজুল। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া এক দুর্ঘটনায় থেমে যেতে বসেছে তার জীবনের চাকা।
গত ৪ অক্টোবর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রিয়েল কোচ ্ এনা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন আজিজুল। তিনি গত ১২ দিন যাবত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার পায়ে ইতোমধ্যে তিনটি অস্ত্রোপচার করা হয়েছে।
একদিকে বাঁচার স্বপ্ন, অন্যদিকে সংসারের বেহাল দশা। টগবগে যুবক আজিজুল আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছেন। তার চিকিৎসার জন্য প্রয়োজন ৫ লক্ষ টাকা, যা দরিদ্র ও অসহায় পরিবারটির পক্ষে যোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। পরিবারে কর্মক্ষম কেউ না থাকায় আজিজুল আহত হওয়ার পর থেকে বন্ধ রয়েছে আয়-উপার্জন। ঋণ করে একদিকে চিকিৎসার খরচ, অন্যদিকে সাংসারিক খরচ চালাতে গিয়ে এখন দিশেহারা আজিজুলের স্ত্রী।
এ অবস্থায় উপায়ান্তর না পেয়ে নিজের সুচিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন আজিজুল। তার প্রত্যাশা- সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে তিনি সুচিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠবেন। সবার সহযোগিতায় স্বাভাবিক জীবনের পথচলায় ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি।
আজিজুলকে অর্থ সাহায্য পাঠানো যাবে বিকাশের মাধ্যমে, যার নম্বর ০১৮৭৭৮৫০৭৯৫।
আজকের সিলেট/ডি/এসটি
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি 








