মোবাইল ফোনে পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে সিলেটের গোলাপগঞ্জের এক যুবকের বিরুদ্ধে। পরে বিয়েতে অস্বীকৃতি জানালে তাঁর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারী। ওই মামলার অভিযুক্ত জাহিদুল ইসলামকে (২২) নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও এসআরবি-১১।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী থানাধীন মনোহরদী বাসস্ট্যান্ড এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গোলাপগঞ্জের ২৪ বছর বয়সী ওই নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় একই উপজেলার কালিকৃষ্ণপুর গ্রামের জাহিদুল ইসলামের। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, জাহিদুল বিবাহিত হওয়া সত্ত্বেও বিষয়টি গোপন রেখে ওই নারীকে বিয়ের প্রলোভন দেখান এবং একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
পরবর্তী সময়ে ভুক্তভোগী নারী বিয়ের জন্য চাপ দিলে জাহিদুল বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় তিনি গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় এসআরবি-৯ ও এসআরবি-১১ যৌথ অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।
এসআরবি-৯-এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস









