ইলিয়াসের দুর্গে 'ধানের শীষের জোয়ার' তুলেছেন লুনা
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১১ AM

ইলিয়াসের দুর্গে 'ধানের শীষের জোয়ার' তুলেছেন লুনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ১০:৫৬:৩৭ AM

ইলিয়াসের দুর্গে 'ধানের শীষের জোয়ার' তুলেছেন লুনা


গুম হওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর দুর্গ সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মনোনয়ন চেয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এ নিয়ে নেতা-কর্মীদের মাঝে গুঞ্জন এবং দ্বিধা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পেয়েছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এম. ইলিয়াস আলী। প্রায় দুই যুগ ধরেই এ আসন ইলিয়াসের দুর্গ হিসেবে পরিচিত। ২০১২ সালে ইলিয়াস আলী নিখোঁজের পর হাল ধরেন তার সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা। সুখে-দুঃখে নেতাকর্মীদের আগলে রাখেন তিনি। দলের নেতাকর্মীরাও ইলিয়াস আলীর বিকল্প হিসেবে তাকে গ্রহণ করেন। লুনার হাত ধরেই শক্ত অবস্থানে রয়েছে বিশ্বনাথ ও ওসমানীনগর বিএনপি ৷

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার পর থেকেই তার পরিবার ঘিরে এক ধরনের আবেগ তৈরি হয়েছে। স্থানীয় ভোটারদের কাছে লুনার প্রতি গভীর সহানুভূতি রয়েছে। লুনার মাঝেই তারা ইলিয়াস আলীর ছায়া দেখতে পাচ্ছেন।

দিকে, দলের মনোনয়ন পাওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন ইলিয়াসপত্মী তাহসিনা রুশদীর লুনা। এরই মধ্যে নির্বাচনী এলাকায় ধানের শীষের ‘জোয়ার’ তুলেছেন তিনি। তার কর্মী-সমর্থকরাও নেমে পড়েছেন গণসংযোগে। মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা।

বিএনপির নেতাকর্মীরা বলছেন, শুরুতে মনোনয়ন নিয়ে দ্বিধা তৈরি হয়েছিল। তখন নেতাকর্মীরাও কিছুটা দোটানায় পড়েছিলেন। অবশ্য শেষ পর্যন্ত দল প্রার্থী ঘোষণা করায় এখন সবাই একযোগে মাঠে কাজ করছেন। এ আসনে লুনার সঙ্গে প্রতিদ্বদ্বিতায় রয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবদুল হান্নান ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী। তাঁরাও ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।

দুই প্রার্থীই জানিয়েছেন, ‘জনগণ পরিবর্তন চায়। তাঁরা ভালো সাড়া পাচ্ছেন।' তবে মাঠের চিত্র ভিন্ন। এখন পর্যন্ত জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন তাহসিনা রুশদীর লুনা।

বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৭৫৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৬ হাজার ১৫৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৬ হাজার ৮০১ জন।

তাহসিনা রুশদীর লুনার ব্যক্তিগত সহকারী ময়নুল হক জৈন্তা বার্তাকে জানিয়েছেন, ‘লুনা প্রতিদিনই বিভিন্ন বৈঠক-সেমিনারে অংশ নিচ্ছেন। মাঠে ভালো সাড়া মিলছে। ইলিয়াস আলীর বিকল্প হিসেবে এলাকার সবাই লুনাকে আপন করে নিয়েছেন। সিলেট-২ আসনে ধানের শীষের ‘জোয়ার' উঠেছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর