কমলগঞ্জে পাঁচ দিন আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ PM

কমলগঞ্জে পাঁচ দিন আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ১২:২২:৫৯ PM

কমলগঞ্জে পাঁচ দিন আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩


মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ১৪ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর পাঁচ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে একটি নির্জন সড়কের পাশে ফেলে রেখে যাওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার আরও এক আসামি পলাতক। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে মৌলভীবাজার সদর উপজেলার কলিমাবাদ ও গিয়াস নগর এবং রাজনগর উপজেলার গাঙপার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামের মো. জাহেদ আহমেদ (২৪), রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের রাজু আহমেদ (২২) এবং একই উপজেলার বাহাদুরগঞ্জ গ্রামের জুবেল মিয়া (৩০)। মামলার অপর আসামি রাজনগর হাসপাতাল এলাকার কবির (৩০) পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মুঠোফোনের মাধ্যমে জাহেদ আহমেদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর বিকেলে জাহেদ তাকে ফুসলিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পরে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে রাজনগরের বাহাদুরগঞ্জে জুবেল মিয়ার বাড়িতে নেওয়া হয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে সহযোগীদের নিয়ে ওই ছাত্রীর ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত জাহেদের বাড়িতে আটকে রেখেও ওই ছাত্রীর ওপর নির্যাতন চালানো হয়। টানা নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ১৭ সেপ্টেম্বর সকালে তাকে কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের একটি নির্জন সড়কের পাশে ফেলে রেখে আসামিরা পালিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই ছাত্রী চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামি কবিরকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর