বিশ্বম্ভরপুরে ডোবার পানিতে ফেলে পালালেন, উদ্ধার ৯০ বোতল বিদেশি মদ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ PM

বিশ্বম্ভরপুরে ডোবার পানিতে ফেলে পালালেন, উদ্ধার ৯০ বোতল বিদেশি মদ

বিশ্বম্ভপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ০৩:১৪:৩৭ PM

বিশ্বম্ভরপুরে ডোবার পানিতে ফেলে পালালেন, উদ্ধার ৯০ বোতল বিদেশি মদ


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। অভিযানের সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি মদের বস্তা ডোবার পানিতে ফেলে পালিয়ে যান। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্বম্ভরপুর থানাধীন চিনাকান্দি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বিশ্বম্ভরপুর থানার ধনপুর ইউনিয়নের মামাইরজিলা সাকিন এলাকায় একটি বসতবাড়ির পাশে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন।

সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক ৪টা ৩৫ মিনিটে সেখানে পৌঁছায় আভিযানিক দল। এ সময় এসআরবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি দুটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা ডোবার পানিতে ফেলে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে ওই দুটি বস্তা উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৯০ বোতল বিদেশি মদ পাওয়া যায়।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর