সিলেট নগরের বালুচর এলাকার ঐতিহাসিক ‘করিমউল্লাহ টিলা’র একাংশ কাটার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মামুনুর রশিদ বাদী হয়ে শাহপরান (রহ.) থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মামলাটি করেন।
মামলার এজাহারে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে উত্তর বালুচরের জালাল উদ্দিন (৫৬), জাহাঙ্গীর মিয়া (৫৮), মোশারফ আলী (৫৫), শাকির আহমদ (৫৩), ইউসুফ আলী (৫৭), নাজমুল (৪১), শহীদুল আলম (৪৭), জাকির হোসেন (৪৪), জসিম উদ্দিন (৫৮), জামাল উদ্দিন (৪২) ও কামাল (৪১)-এর নাম।
এজাহার সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল কোনো ধরনের অনুমোদন ছাড়াই করিমউল্লাহ টিলার একটি অংশ কেটে মাটি সরানো হয়। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরবর্তী সময়ে অভিযুক্তদের বক্তব্য শোনার জন্য শুনানিতে উপস্থিত হতে দুই দফা নোটিশ দেওয়া হয়। তবে নোটিশ পাওয়ার পরও তারা শুনানিতে হাজির হননি বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে পরিবেশ অধিদপ্তর।
শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
আজকের সিলেট/ জেকেএস









