গণঅভ্যুত্থানের মুখে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টায় উদ্বেগ জানিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে।
রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রসঙ্গে একটি বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত প্রেস নোটে যে বক্তব্য দিয়েছে, ভারত তা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে। বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারতের অবস্থান আমরা ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত করে আসছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ভারত কখনোই তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুসুলভ জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে ব্যবহারের সুযোগ দেয়নি।
ভারত আশা করে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে, ভারতীয় হাইকমিশনারকে তলব করে পলাতক শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য ও আসন্ন নির্বাচন ঘিরে বাংলাদেশ সরকারের উদ্বেগের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগের সদস্যরা বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত। ভারত সরকারকে এসব ফ্যাসিবাদী সন্ত্রাসীর অপরাধমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়।
এছাড়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধে ভারতের সহযোগিতা চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বানও জানানো হয়।
আজকের সিলেট/ডি/এসটি
আজকের সিলেট ডেস্ক 








