হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের কচুরিপানা পরিষ্কারে বাধা দেওয়ার জেরে সংঘর্ষে এক ব্যক্তি চুরিকাহত ও আরেকজনের হাত ভেঙে গেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন- রঘুচৌধুরীপাড়ার সেলিম মিয়া (৪৫), তার ছেলে রুহুল মিয়া (২০) ও জসিম মিয়া (২৮)।
সোমবার দুপুরে বানিয়াচং উপজেলা সদরের রঘুচৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আব্দুস সহিদ ও তার লোকজন পাড়ার একটি পুকুরের কচুরিপানা পরিষ্কার করছিলেন। সেলিম মিয়াসহ কয়েকজন এতে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং একপর্যায়ে মারামারি শুরু হয়।
এসময় আব্দুস সহিদ (৬০) নামে একজনকে ছুরিকাঘাত ও নিবশ্যা মিয়াকে (৭০) পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আব্দুস সহিদের বুকে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আর নিবশ্যা মিয়ার বাম হাতে গুরুতর আঘাত লেগে হাত ভেঙে গেছে।
খবর পেয়ে বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
ওসি শরীফ আহমেদ বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি 








