সিলেটের জালালাবাদ থানার আওতাধীন বাগজোর-কোম্পানীগঞ্জগামী সড়ক থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ভারতীয় মদ, হুইস্কি ও ভদকার ৩৬ বোতলসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, আটক দুজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সোমবার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযানটি পরিচালিত হয় লামাপাড়া থেকে শিবের বাজারগামী সড়কের বাগজোর-কোম্পানীগঞ্জ অংশে।
আটক ব্যক্তিরা হলেন জালালাবাদ থানার দখড়ী এলাকার মৃত জমশিদ আলী ও মনোয়ারা বেগমের ছেলে শুকুর মিয়া (৪১) এবং সুনামগঞ্জ সদর উপজেলার কালাইয়া এলাকার নিয়ামত আলীর ছেলে মো. রফিক মিয়া (৩৬)।
পুলিশ জানায়, তাঁদের হেফাজত থেকে ৩৬ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৮ বোতল হুইস্কি ও ১৮ বোতল ভদকা রয়েছে। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত সিলেট-থ-১১-২৮১০ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
আজকের সিলেট/ জেকেএস









