সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৭৫০ কেজি জিরা, ৪০০ কেজি চিনি, ২৮০ কেজি চা-পাতা, দুটি মহিষ, একটি গরু ও একটি পিকআপ। মঙ্গলবার জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজিবি জানায়, সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল অভিযান চালায়। কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুরাইঘাট বাজার এলাকায় চালানো এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭৫০ কেজি ভারতীয় জিরা ও একটি পিকআপ জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ২৯ লাখ টাকা।
এদিকে, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালায় জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির টহলদল। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪০০ কেজি ভারতীয় চিনি, ২৮০ কেজি চা-পাতা, দুটি মহিষ ও একটি গরু উদ্ধার করা হয়। এসব পণ্যের সিজারমূল্য পাঁচ লাখ ৮০ হাজার টাকা।
দুই অভিযানে জব্দ করা সব মালামালের মোট সিজারমূল্য দাঁড়িয়েছে ৩৪ লাখ ৮০ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।
আজকের সিলেট/ জেকেএস









