মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ঐতিহ্য ও পবিত্রতা অক্ষুণ্ন রেখে সাজানো হবে সিলেটের শাহী ঈদগাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/১০/২০২৬ ০২:৩৫:৫৬ অপরাহ্ন

ঐতিহ্য ও পবিত্রতা অক্ষুণ্ন রেখে সাজানো হবে সিলেটের শাহী ঈদগাহ


সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, ঈদগাহের ঐতিহ্য ও পবিত্রতা অক্ষুণ্ন রেখেই সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। দূর থেকে দেখলেও যেন মানুষের ভালো লাগে, সেভাবেই সাজানো হবে ঐতিহাসিক এই স্থাপনাকে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শাহী ঈদগাহের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শাহী ঈদগাহ সিলেটের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এর ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। হেরিটেজ হিসেবে এটি সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছেও এর ঐতিহাসিক গুরুত্ব অটুট থাকে।

ঈদগাহের পবিত্রতা রক্ষার ওপর গুরুত্ব দিয়ে সিসিক প্রশাসক বলেন, এখানে কোনো সভা-সমাবেশ বা মেলার আয়োজন করা হবে না। পরিবেশ ও পবিত্রতা বজায় রেখে শুধু প্রয়োজনীয় সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ যথাযথভাবে সম্পন্ন করে শাহী ঈদগাহকে আরও আকর্ষণীয় করে তোলা হবে।

এদিকে, স্থানীয় এলাকাবাসী জানান, শাহী ঈদগাহের ইতিহাসে এই প্রথম প্রায় ৫ কোটি টাকার উন্নয়নকাজের টেন্ডার হয়েছে। এর আগে এত বড় পরিসরে উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ হয়নি। এ উদ্যোগের জন্য তাঁরা সিসিক প্রশাসককে ধন্যবাদ জানান এবং বাকি কাজ দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারীসহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা, ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর