সিলেট বিভাগের বিভিন্ন সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কর্মরত তিন কর্মকর্তাকে অন্য জেলায় বদলি করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকার চার কর্মকর্তাকে সিলেট বিভাগের বিভিন্ন কার্যালয়ে পদায়ন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে সারা দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলির আদেশ জারি করা হয়। ওই আদেশেই সিলেট বিভাগের সাত কর্মকর্তার কর্মস্থলে পরিবর্তন আনা হয়েছে।
আদেশ অনুযায়ী, সিলেট সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কর্মকর্তা মিনহাজ উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বদলি করা হয়েছে। সুনামগঞ্জের দোয়ারাবাজার সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কর্মকর্তা মো. তফাজ্জল হোসেনকে নরসিংদীর পলাশে এবং সিলেটের বিয়ানীবাজার সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কর্মকর্তা মো. জয়নাল আবেদীনকে ফেনীর ছাগলনাইয়ায় পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, ঢাকার মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি কার্যালয় থেকে আব্দুল কাদিরকে সিলেট সদরে বদলি করা হয়েছে। কক্সবাজারের উখিয়া থেকে মো. মোরশেদ আলমকে সিলেটের জৈন্তাপুরে, ঢাকার শ্যামপুর থেকে মো. আখলাকুর রহমানকে সুনামগঞ্জের জগন্নাথপুরে এবং ঢাকার পল্লবী থেকে মো. জাহিদুল হককে মৌলভীবাজারের রাজনগরে পদায়ন করা হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। এরপর তাঁদের নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ জানানো হয়েছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এ আদেশে সই করেছেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী।
আজকের সিলেট/ জেকেএস









