৫৫’তম বিজয় দিবসে বিয়ানীবাজারে শ্রদ্ধা, প্যারেড ও নানা আয়োজন
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫৪ AM

৫৫’তম বিজয় দিবসে বিয়ানীবাজারে শ্রদ্ধা, প্যারেড ও নানা আয়োজন

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৫ ০৬:২২:৩১ PM

৫৫’তম বিজয় দিবসে বিয়ানীবাজারে শ্রদ্ধা, প্যারেড ও নানা আয়োজন


৫৫’তম বছরে পা রাখলো বাংলাদেশ। ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর অর্জিত হয় কাঙ্ক্ষিত বিজয়। এই বিজয়ের বিনিময়ে হাতের মেহেদীর রং শুকানোর আগেই অনেক নারী হয়েছেন বিধবা, বহু মা হারিয়েছেন তাদের সন্তান, বোন হারিয়েছেন ভাই আর অসংখ্য মানুষ হারিয়েছেন নিজেদের স্বপ্ন ও অস্তিত্ব। সেই ত্যাগের বিনিময়েই বিশ্বের দরবারে লাল-সবুজের পতাকা হাতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। যারা জীবন দিতে জানে, তাদেরকে রুখে দেওয়ার সাধ্য কারো নেই।

মহান বিজয় দিবসে শহীদদের স্মরণ করতে ভুলে যাননি বিয়ানীবাজার উপজেলাবাসী। বিজয়ের ৫৫তম বর্ষের সূর্যোদয়ের প্রথম প্রহরে সর্বস্তরের মানুষ পৌরশহরের শহীদটিলায় অবস্থিত শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

স্মৃতিসৌধে সর্বপ্রথম পুষ্পার্ঘ্য অর্পণ করে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন। এরপর একে একে শ্রদ্ধা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিয়ানীবাজার পৌরসভা, বিয়ানীবাজার থানা, বিয়ানীবাজার উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল, বিয়ানীবাজার সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিয়ানীবাজার ফায়ার সার্ভিস, বিয়ানীবাজার পল্লিবিদ্যুৎ জোনাল অফিস, গণঅধিকার পরিষদ বিয়ানীবাজারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ।

পরে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শহীদদের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কুচকাওয়াজে অংশগ্রহণ করে বিয়ানীবাজার থানা, আনসার ও ভিডিপি, বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্যারেড শেষে উপস্থিত দর্শকরা উপভোগ করেন শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। পরে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দুপুরে বিয়ানীবাজার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার।

এছাড়াও বিয়ানীবাজার উপজেলা কমপ্লেক্সে তিনদিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা ও সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম ও সেক্রেটারি কাজী আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, পৌর জামায়াতের আমীর কাজী জমির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর