২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বাদ আসর বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে পৌর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
পথসভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি মর্মান্তিক অধ্যায়। ওই দিনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন সংশ্লিষ্টরা।
বক্তারা আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি। পল্টন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা তাঁদের বক্তব্যে ২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের পাশাপাশি শাপলা চত্বরের ঘটনা, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের গণহত্যার প্রসঙ্গও তুলে ধরেন। এসব ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে তাঁরা বলেন, সংশ্লিষ্ট ঘটনাগুলোর বিচার বাংলাদেশের মাটিতেই নিশ্চিত করতে হবে। এসব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা।
বিক্ষোভ মিছিল ও পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/ জেকেএস
বিয়ানীবাজার প্রতিনিধি 








