দোয়ারাবাজারে দোকানপাট রাতে বন্ধের নির্দেশ
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫৪ AM

দোয়ারাবাজারে দোকানপাট রাতে বন্ধের নির্দেশ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৫ ০৫:৪০:৪৪ PM

দোয়ারাবাজারে দোকানপাট রাতে বন্ধের নির্দেশ


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাট বাজারের দোকানপাট রাত ১০টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হবে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, জেলা আইনশৃঙ্খলা কমিটির ডিসেম্বর/২০২৫ মাসের সভার সিদ্ধান্তের আলোকে এই নির্দেশনা জারি করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যকলাপ প্রতিরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার, লক্ষ্মীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ বাংলাবাজার,বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার, নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর বাজারসহ অন্যান্য সীমান্তবর্তী বাজারের দোকানপাট রাত ১০টার পর বন্ধ রাখতে হবে। ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, সীমান্তবর্তী হাট–বাজারে রাতের বেলা দোকান খোলা থাকায় অবৈধ কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছিল। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত এলাকার সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ীসহ সবাইকে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে।

নির্দেশনাটি বাস্তবায়নে থানা পুলিশ, ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আজকেরসিলেট/প্রতিনিধি/এএসআর

সিলেটজুড়ে


মহানগর