শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল, সিলেটের বিচারক (জেলা জজ) মরহুম এ কে এম কামাল উদ্দিনের প্রয়াণে মঙ্গলাবার সিলেট বিচার বিভাগের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিমুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। স্মরণসভায় সিলেটে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচারক, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এবং সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের তৃতীয় ব্যাচের সদস্য মরহুম এ কে এম কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
সমাপনী বক্তব্যে জেলা জজ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের চিকিৎসায় সহযোগিতার জন্য প্রধান বিচারপতি, আইন মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট প্রশাসন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনসহ দেশের সকল বিচারকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা শেষে মরহুম এ কে এম কামাল উদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে সিলেট বিচার বিভাগ গভীর শোকে মুহ্যমান।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








