সিলেটে জনসভাস্থলে নেতা–কর্মীদের ভিড়, তারেক রহমানের জন্য অপেক্ষা
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪৩ AM

সিলেটে জনসভাস্থলে নেতা–কর্মীদের ভিড়, তারেক রহমানের জন্য অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০১/২০২৬ ১০:২৬:৫৬ AM

সিলেটে জনসভাস্থলে নেতা–কর্মীদের ভিড়, তারেক রহমানের জন্য অপেক্ষা


খণ্ড খণ্ড মিছিল নিয়ে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় যোগ দিতে শুরু করেছেন দলের নেতা–কর্মীরা। বেলা ১১টার দিকে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। প্রস্তুত আছে মঞ্চও। বেলা বাড়ার সাথে সাথে সমাবেশস্থলে নেতাকর্মীদের ভিড় বাড়ছে।

ইতোমধ্যে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা জনসভাস্থলে হাজির হয়েছেন। বিএনপির নেতা–কর্মীরা ধানের শীষ আঁকা, এক রঙের গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত গেঞ্জি, দলের ব্যানার, ফেস্টুন এবং সিলেটের বিভিন্ন জেলার দলীয় নেতাদের ছবি নিয়েও সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়েছে। বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বিপুল জনসমাগম সামাল দিতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সমাবেশ শুরু হবে। জনসভা জনসমুদ্রে পরিণত হবে এবং এটি দেশের রাজনীতিতে একটি ‘মাইলফলক’ হিসেবে বিবেচিত হবে।

গতকাল রাত ৮টার দিকে সিলেটে আসেন তারেক রহমান। পরে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পাশাপাশি তিনি হজরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন। পরে তিনি নগরের উপকণ্ঠে দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখানে উপস্থিত নেতা–কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এর আগে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জোবাইদা রহমানের প্রয়াত পরিবারের সদস্যদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর সিলেট বিমানবন্দর–সংলগ্ন হোটেলে ফেরেন তারেক রহমান।

আজ বেলা ১১টায় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। পরে ফেরার পথে তারেক রহমান মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুটি আলাদা জনসভায় বক্তব্য দেবেন।

আজকের সিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর