বিএনপির সমাবেশমুখী মিছিলে মিছিলে মুখর সিলেটের রাজপথ। সকাল ৮টার আগে থেকেই নগরের বিভিন্ন সড়ক ধরে আসছে খণ্ড খণ্ড মিছিল। মাথায় ক্যাপ, হাতে ধানের শীষ, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে স্লোগান মুখর সবমিছিল ছুটছে সমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের দিকে।
বেলা ১১টার দিকে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
সিলেটের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা জনসভাস্থলে হাজির হয়েছেন। বিএনপির নেতা–কর্মীরা ধানের শীষ আঁকা, এক রঙের গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত গেঞ্জি, দলের ব্যানার, ফেস্টুন এবং সিলেটের বিভিন্ন জেলার দলীয় নেতাদের ছবি নিয়েও সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন।
বেলা সাড়ে ৯টার দিকে ওসমানীনগর থেকে জিন্দাবাজার হয়ে মিছিলে স্লোগান দিতে দিতে যাচ্ছিলেন ছাত্রদল নেতা সুয়েব। তিনি বললেন, ‘একবার সমাবেশস্থলে গিয়েছি, দেখেছি এখনই প্রায় পূর্ণ হয়ে গেছে। এত মানুষের সমাবেশ আমি আগে দেখিনি।’
এর আগে সকাল ৯টার দিকে সরেজমিন আলিয়া মাদরাসা মাঠে গিয়ে দেখা গেছে, মাঠের কয়েক হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছেন। তারা মিছিল করছেন। সকাল সাড়ে ১০টার দিকে মাঠের অর্ধেকে থেকে বেশি অংশ ভরে গেছে নেতাকর্মীদের উপস্থিতিতে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়েছে। বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজকের সিলেট/এএসআর
নিজস্ব প্রতিবেদক 








