সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-চ ৭১-২৯৪৯) সঙ্গে সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৯-৫০৫৩) এবং শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার (সুনামগঞ্জ-থ-১১-৪৮৪৪) মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই হাইয়েস মাইক্রোবাসের যাত্রী চাঁদপুর জেলার সদর উপজেলার মহামায়া গ্রামের সুহেল আহমদ (৪৭) নিহত হন। আহত ছয়জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার খায়রুল ইসলাম (৪৭) মারা যান বলে জানান সংশ্লিষ্টরা।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজকের সিলেট/ জেকেএস
ওসমানীনগর প্রতিনিধি 








