সিলেটের সীমান্তবর্তী চার এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটেলিয়ন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গোয়াইনঘাট উপজেলার সোনারহাট, সংগ্রাম ও বিছনাকান্দি এবং জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ডিআই পিকআপে লুকিয়ে রাখা ১৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পাশাপাশি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় দুটি ভারতীয় এয়ারগান।
এছাড়া অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। এসব জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটেলিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/ জেকেএস









