সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ধারাবাহিক অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৪৩টি যানবাহনের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনানুগ ব্যবস্থা। বুধবার (৭ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
পুলিশ জানায়, অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।
এ সময় ৮১ পিস ইয়াবা ও ৪৮০ ক্যারেট ভারতীয় টমেটোও উদ্ধার করা হয়।
অন্যদিকে, মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ পৃথক অভিযান চালিয়ে ১৪৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। এর মধ্যে ৭০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৭৩টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।
মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজকের সিলেট/ জেকেএস









