সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জনসভা শেষে মৌলভীবাজার, হবিগঞ্জের পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
প্রতীক বরাদ্দের পর আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সকাল সাড়ে ১২টায় জনসমাবেশে বক্তব্য দেন তারেক রহমান।
বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমান আজ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশ করবেন।
দুপুরে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনী প্রচারণায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সেখান থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জনসভায় যোগ দেবেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে গতকাল বুধবার রাতে সিলেটে যান তারেক রহমান। রাত ৮টায় বিজি-২২৭ বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান বিএনপি চেয়ারম্যান। সেখানে কার্যক্রম শেষে খাদিমনগরে হজরত শাহ পরাণ (রহ.)-এর মাজারে যান। দুই মাজার জিয়ারতের পর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর বাড়িতে যান তিনি। আজ দুপুরে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তৃতা করেন।
আজকের সিলেট/এএসআর
নিজস্ব প্রতিবেদক 








