আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট-৩ আসনে বিএনপির নির্বাচনী মাঠে নতুন গতি এসেছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের পক্ষে প্রকাশ্য সমর্থন ঘোষণা করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম। এতে সিলেট-৩ আসনে বিএনপির ভেতরে ঐক্য আরও সুসংহত হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা।
শুক্রবার দুপুর ১২টায় ফেঞ্চুগঞ্জের ৯০ মেগাওয়াট জেটি ঘাট এলাকায় আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত হয়ে ব্যারিস্টার এম এ সালাম এম এ মালিকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, ব্যারিস্টার এম এ সালাম নিজেও সিলেট-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর আগে মনোনয়নপত্র জমাদানের দিন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে সকল মনোনয়ন প্রত্যাশী একসঙ্গে জেলা রিটার্নিং অফিসার সারোয়ার আলমের কাছে এম এ মালিকের মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী প্রচারে প্রথমবারের মতো এম এ সালামের সরব উপস্থিতি এম এ মালিকের ধানের শীষ প্রতীকের বিজয় সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে বলে দলীয় সূত্রে জানানো হয়।
সমাবেশে বক্তব্যে এম এ মালিক বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফ্যামিলি ট্রেনিং’ কার্যক্রম চালু করা হবে। এই কার্ডের আওতায় প্রতিটি পরিবারকে মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা টানা পাঁচ বছর কার্যকর থাকবে।
তিনি আরও বলেন, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করে সার, বীজ ও আধুনিক কৃষিযন্ত্র সহজলভ্য করা হবে। পাশাপাশি কোনো ধরনের সুপারিশ ছাড়াই কৃষকদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হবে।
এছাড়া চা শ্রমিকদের জন্য আলাদা কার্ড এবং সাধারণ জনগণের জন্য ‘হেলথ কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়ে এম এ মালিক বলেন, এতে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাবে। মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার কথাও তুলে ধরে তিনি জানান, যুবসমাজকে রক্ষায় বিএনপি কঠোর অবস্থান গ্রহণ করবে।
নেতাকর্মীদের উদ্দেশে এম এ মালিক বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সমর্থন নিয়ে উন্নয়ন ও সেবার রাজনীতি বাস্তবায়নে বিএনপি প্রতিটি এলাকায় পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।
সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমেদ নেহার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
আজকের সিলেট/এপি
সংবাদ বিজ্ঞপ্তি 








