ধানের শীষে ভোট দিয়ে অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান এমরান চৌধুরীর
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৮ PM

ধানের শীষে ভোট দিয়ে অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান এমরান চৌধুরীর

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১/০২/২০২৬ ০৬:১৭:২৫ PM

ধানের শীষে ভোট দিয়ে অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান এমরান চৌধুরীর


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের প্রতিটি এলাকার ছোট-বড় সব সমস্যা আমার কাছে চিহ্নিত। আপনারা আমাকে সংসদে পাঠালে মহান জাতীয় সংসদে গলা ফাটিয়ে আপনাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরবো এবং সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালাবো।

রবিবার বিয়ানীবাজারের চারখাই বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান চৌধুরী বলেন, উন্নয়ন নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার প্রতি আস্থা ও ভালোবাসা রেখেই আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। তাঁর এই আস্থার প্রতিদান হিসেবে গোলাপগঞ্জ–বিয়ানীবাজারে উন্নয়নের বিপ্লব ঘটাবো, ইনশা আল্লাহ।

তিনি আরও বলেন, একাত্তরে একটি অপশক্তি আমাদের স্বাধীনতা চায়নি, লাল-সবুজের পতাকা ছিনিয়ে নিতে চেয়েছিল। সেই অপশক্তি আজও সক্রিয়। আগামী ১২ ফেব্রুয়ারি আমরা তাদের রুখে দেবো। সারা দিন ধানের শীষে ভোট দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করতে হবে। ধানের শীষ মানেই উন্নয়ন। আপনাদের দাবি মানেই আমার দাবি—নিজের দাবি মনে করেই তা বাস্তবায়নে সর্বশক্তি নিয়োগ করবো।

বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। একই সঙ্গে শহিদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র ও লন্ডন বিএনপির সাবেক সভাপতি সায়েস্তা চৌধুরী কুদ্দুস, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমর উদ্দিনের কন্যা সাবিনা খান পপি, জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিনসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক মশিকুর রহমান মুহি ও শামীম আহমদ, সিলেট-৬ আসনের নির্বাচনী সমন্বয়ক আব্দুল মন্নান, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জনসভা শেষে চারখাই বাজারে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এতে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর