মুক্তাদিরের সিলেট উন্নয়ন ও রূপান্তর ইস্তেহার : কর্মসংস্থান থেকে নগরায়নে সমন্বিত রোডম্যাপ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৭ AM

সিলেট-১

মুক্তাদিরের সিলেট উন্নয়ন ও রূপান্তর ইস্তেহার : কর্মসংস্থান থেকে নগরায়নে সমন্বিত রোডম্যাপ

মো: ফারুক মিয়া

প্রকাশিত: ০৪/০২/২০২৬ ০৮:৩০:৪৭ PM

মুক্তাদিরের সিলেট উন্নয়ন ও রূপান্তর ইস্তেহার : কর্মসংস্থান থেকে নগরায়নে সমন্বিত রোডম্যাপ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের সার্বিক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ‘সিলেট উন্নয়ন ও রূপান্তর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। কর্মসংস্থান, মানবিক উন্নয়ন ও টেকসই নগরায়নকে কেন্দ্র করে প্রণীত এই রোডম্যাপে দেশের ও প্রবাসের বিশেষজ্ঞদের সমন্বয়ে ‘আকাঙ্ক্ষার সিলেট’ নামে একটি উচ্চপর্যায়ের উন্নয়ন পরামর্শক কমিটি গঠনের কথা জানানো হয়।

ইশতেহারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নকে। এর আওতায় সিলেটে আইটি ও ইনোভেশন হাব, কো-ওয়ার্কিং স্পেস, ওয়ান স্টপ ক্যারিয়ার অ্যান্ড জব সেন্টার, স্টার্টআপ ফান্ড ও এসএমই সহায়তা কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি বোর্ড গঠন এবং ডেন্টাল ট্যুরিজম হাব গড়ে তোলার উদ্যোগের কথাও তুলে ধরা হয়।

কৃষি আধুনিকায়নে সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, আধুনিক মৎস্যচাষ, এগ্রো-প্রসেসিং ইউনিট ও কোল্ড স্টোরেজ স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সিলেটকে সবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়।
সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন উন্নয়নে নৃ-গোষ্ঠীর স্থাপত্য সংরক্ষণ, লোকসংগীত উৎসব, নারীবান্ধব স্ট্রিটফুড জোন ও মুক্ত সংস্কৃতি চর্চার পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে। চা শিল্পে শ্রমিকদের ন্যায্য মজুরি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার পাশাপাশি চা বাগানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।

নারীবান্ধব শহর গঠনে নিরাপদ যাতায়াত, ডে-কেয়ার সেন্টার, নারী উদ্যোক্তাদের সহজ ঋণ ও বিপণন সহায়তার কথা উল্লেখ করা হয়। স্বাস্থ্যখাতে হাসপাতাল আধুনিকায়ন, আইসিইউ সেবা সহজলভ্যকরণ এবং নতুন হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ডে-কেয়ার এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। নগর উন্নয়নে জলাবদ্ধতা নিরসন, খাল পুনরুদ্ধার, বৃক্ষরোপণ, খেলাধুলার মাঠ ও সামাজিক ক্লাব গঠনের মাধ্যমে সুস্থ সমাজ গড়ার উদ্যোগ নেওয়া হবে।

যোগাযোগ ব্যবস্থায় মহাসড়ক ও রেলপথ আধুনিকায়ন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ণাঙ্গ রূপে উন্নীতকরণ, যানজট নিরসন ও মনোরেল সম্ভাব্যতা যাচাইয়ের কথা বলা হয়। সামাজিক নিরাপত্তায় কিশোর গ্যাং, মাদক ও অনলাইন জুয়া রোধে বিশেষ টাস্কফোর্স গঠন এবং পুনর্বাসন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এছাড়া ইমাম ও মোয়াজ্জিনদের নিয়োগ প্রক্রিয়াকে নীতিমালার আওতায় আনার উদ্যোগ গ্রহণের ইশতেহার দেওয়া হয়।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে সিলেটকে একটি আধুনিক, মানবিক ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করা হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর