স্বাস্থ্যখাতের জটিলতার বড় কারণ জনবল সংকট : স্বাস্থ্যমন্ত্রী
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৯ AM

স্বাস্থ্যখাতের জটিলতার বড় কারণ জনবল সংকট : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ০২:২৪:০৯ AM

স্বাস্থ্যখাতের জটিলতার বড় কারণ জনবল সংকট : স্বাস্থ্যমন্ত্রী


জনবল সংকট স্বাস্থ্যখাতের জটিলতার বড় কারণ বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, জনবল সংকট নিরসনে কাজ চলছে । আমি একদিনে তো পারবো না। তবে সমস্ত সমাধান করতে চেষ্টা করবো। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমি আগেও এসেছি। তবে আজকে এসেছি একটা দায়িত্ব নিয়ে। এসে যা দেখলাম অন্যান্য হাসপাতালগুলোর যে অবস্থা, একই অবস্থা এখানেও। এখানে রোগীদের মাটিতে শুয়ে থাকতে হচ্ছে।

বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, গতকাল বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। সমস্যাটা আমি চিহ্নিত করতে পেরেছি। এখানে বিভিন্ন উপজেলাতে জনবলের খুব অভাব। আমরা যদি ঠিকমতো কনসালটেন্ট দিতে পারি সার্জারি, মেডিসিন, গাইনি, তাহলে উপজেলাগুলোতে ভালো কাজ হবে। আর এইখানে মাটিতে রোগী শুয়ে থাকতে হবে না।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারা দেশে গ্রামেগঞ্জে ভুয়া চিকিৎসক ধরতে ও অবৈধভাবে চিকিৎসা বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে চিহ্নিত করে ভূমিকা নিতে হবে।

তিনি বলেন, আমরাতো গ্রামেগঞ্জে গিয়ে অভিযান পরিচালনা সম্ভব হবে না। সেক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্য, চেয়ারম্যান-মেম্বাররা এগুলো চিহ্নিত করে রিপোর্ট দিলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা ব্যবস্থা নেব। এছাড়াও ২৫০ শয্যার জেলা হাসপাতাল দ্রুতই সেবার জন্য খুলে দেওয়া হবে।

এর আগে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহিঃবিভাগ ঘুরে সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এছাড়া হাসপাতালের নানা সংকট নিয়েও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং অত্র হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর