মৌলভীবাজারে নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ PM

মৌলভীবাজারে নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ০১:৪৪:৪৬ PM

মৌলভীবাজারে নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড


ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হামলার ঘটনায় মৌলভীবাজারের রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মুহাম্মদ রবিউল আউয়ালের আদালত দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন, চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার মো. নুরুল ইসলাম, মো. সাইমন ইসলাম, দণ্ডপ্রাপ্ত নুরুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম রনি এবং আনোয়ার হোসেন। তাদের মধ্যে নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।

অন্যদিকে খালাস পাওয়া পাঁচজন হলেন, বর্ষিজোড়া এলাকার ইদন মিয়ার ছেলে ইমন মিয়া, নাজিরাবাদ ইউনিয়নের সাহিদ মিয়ার ছেলে আল আমিন, বর্ষিজোড়া এলাকার মো. রমিজ মিয়ার ছেলে সাকির আহমদ ওরফে শাকিল, দণ্ডপ্রাপ্ত মো. নুরুল ইসলামের স্ত্রী পারভীন বেগম ও মেয়ে রুকশানা আক্তার।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৭ নভেম্বর ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে রেজাউল করিম নাঈমের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান আসামিরা। এ সময় ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হন তিনি।

পরে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার-২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন ৮ নভেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাঈমের মৃত্যু হয়।

এ ঘটনায় তার বাবা মো. চেরাগ মিয়া বাদী হয়ে ৯ নভেম্বর মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে ৯ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়।

দীর্ঘ শুনানি ও বিচারিক কার্যক্রম শেষে বুধবার মামলাটির রায় ঘোষণা করেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত। রায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর আব্দুল মতিন চৌধুরী বলেন, তারা এ রায়ে সন্তুষ্ট। তার ভাষ্য, আসামিদের দণ্ড দেওয়ার মধ্য দিয়ে বাদীপক্ষসহ মানুষের আইনের প্রতি আস্থা ও শ্রদ্ধা বাড়বে।

তিনি বলেন, অপরাধ করে আইনি সাজা থেকে রেহাই পাওয়া যায় না এই বার্তাও এ রায়ের মাধ্যমে যাবে। আইনের শাসন প্রতিষ্ঠায় চাঞ্চল্যকর এ মামলার রায় কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

আব্দুল মতিন চৌধুরী আরও বলেন, তারা প্রত্যাশা করেন উচ্চ আদালত এ সাজা বহাল রাখবেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর