জৈন্তাপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—কুদরত উল্লাহ (৪৫) ও তার স্ত্রী জাহেদা বেগম (৪০)।
পুলিশ জানায়, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দরবস্ত এলাকায় অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার ভোরে ছোটারী সেনগ্রাম এলাকায় নিজ বাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই দুজনকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে কুদরত উল্লাহর কাছ থেকে ২৭ পিস এবং জাহেদা বেগমের কাছ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ৫০ পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।
আটক কুদরত উল্লাহ ছোটারী সেনগ্রাম এলাকার মিন্নত উল্লাহ মন্টুর পুত্র বলে জানা গেছে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, জব্দকৃত ইয়াবা যথাযথ প্রক্রিয়ায় জব্দতালিকাভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত দম্পতিকে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
ইমাম উদ্দিন, জৈন্তাপুর থেকে 








