কোন মন্ত্রীর ‘ফোনে’ গোয়াইনঘাটে নৌ-পথের ইজারা নিয়ে পিছু হটল বিআইডব্লিউটিএ?
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১৯ PM

কোন মন্ত্রীর ‘ফোনে’ গোয়াইনঘাটে নৌ-পথের ইজারা নিয়ে পিছু হটল বিআইডব্লিউটিএ?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৪/২০২৬ ১১:০১:০৮ AM

কোন মন্ত্রীর ‘ফোনে’ গোয়াইনঘাটে নৌ-পথের ইজারা নিয়ে পিছু হটল বিআইডব্লিউটিএ?


গোয়াইনঘাট ও সালুটিকর অঞ্চলের নৌ-পথের ইজারা নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং মেসার্স এম.এইচ এন্টারপ্রাইজের মধ্যকার আইনি বিরোধ এক রহস্যজনক মোড় নিয়েছে।

রোববার আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করার কথা থাকলেও শেষ মুহূর্তে বিবাদী পক্ষ বিআইডব্লিউটিএ পিছু হটেছে। অভিযোগ উঠেছে, একজন প্রভাবশালী মন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে সংস্থাটি সমঝোতার পথে হাঁটছে, যার ফলে সরকার কয়েক কোটি টাকার রাজস্ব হারানোর ঝুঁকিতে পড়েছে।

সিলেট আদালতের জিপি অ্যাডভোকেট শামীম সিদ্দিকী জানান, এই মামলায় বাদী পক্ষ অত্যন্ত সুকৌশলে সরকারকে বিবাদী না করে কেবল বিআইডব্লিউটিএ-কে বিবাদী করেছে। বাদী মামলায় এক ধরণের কৌশল নিয়েছেন যাতে সরকারের স্বার্থ সরাসরি উপস্থাপনের সুযোগ সংকুচিত হয়। বড় অংকের রাজস্ব জড়িত থাকায় আমাকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু আজ শুনানির নির্ধারিত দিন থাকলেও রহস্যজনক কারণে বিবাদী পক্ষ শুনানি করেনি।

আদালত পাড়ায় জোর গুঞ্জন রয়েছে, রোববার শুনানির সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও ওপর মহলের একটি ফোন কল পুরো চিত্র বদলে দেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একজন প্রভাবশালী মন্ত্রীর নির্দেশের পর বিআইডব্লিউটিএ তাদের কঠোর অবস্থান থেকে সরে আসে। বিআইডব্লিউটিএ-এর পরিচালক এ.কে.এম. আরিফ স্বীকার করেছেন যে, মন্ত্রীর ফোন আসার পরই তারা পিছু হটেছেন।

বিবাদী পক্ষের এই আকস্মিক নমনীয়তার ফলে পূর্বের স্থগিতাদেশ বহাল থাকার পথ প্রশস্ত হয়েছে। এতে করে, ২০২৬-২৭ অর্থবছরের নতুন ইজারা প্রক্রিয়া দীর্ঘায়িত হবে। বর্তমান ইজারা গ্রহীতা অবৈধভাবে টোল আদায়ের বাড়তি সুযোগ পাবেন। সরকার কয়েক কোটি টাকার নিশ্চিত রাজস্ব থেকে বঞ্চিত হবে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, বর্তমান ইজারা গ্রহীতাকে অনৈতিক সুবিধা দিতেই বিআইডব্লিউটিএ সময়ক্ষেপণ করছে। মেসার্স এম.এইচ এন্টারপ্রাইজ ৫৬ লক্ষ টাকা ক্ষতির দাবি তুললেও, সমঝোতার আড়ালে সরকারের বড় অংকের রাজস্ব ফাঁকির এই ‘খেলা’ এখন টক অব দ্য সিলেটে পরিণত হয়েছে।

রোববার শুনানি না হওয়ায় মামলার পরবর্তী কার্যক্রম ঝুলে গেছে। ফলে গোয়াইনঘাটের গুরুত্বপূর্ণ বালু ও পাথর মহালসহ নৌ-ঘাটের ইজারা কার্যক্রম এখন চরম অনিশ্চয়তার মুখে। ইজারা জটিলতায় এই নৌ-পথে অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী ও সাধারণ ব্যবহারকারীরা।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর