আমাদের সবার ঘরেই কিছু না কিছু বাড়তি জিনিস জমে থাকে। তখন অনেকেই দ্রুত বড় পরিবর্তনের কথা ভাবেন। নতুন আসবাবপত্র কেনা, রং করা বা ঘর পুরোপুরি বদলে ফেলা। কিন্তু সব সময় বড় খরচ করলেই যে ঘর সুন্দর হবে, তা নয়। ছোট ছোট পরিবর্তনেই ঘরকে নতুন রূপ দেওয়া সম্ভব। আর সে জন্যই জনপ্রিয় হয়ে উঠেছে একটি সহজ পদ্ধতি ‘৫-৫-৫’ নিয়ম।
এই পদ্ধতির মূল কথা হলো, বড় পরিবর্তনের বদলে ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে ঘরকে নতুন করে গুছিয়ে তোলা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কী এই ‘৫-৫-৫’ পদ্ধতি?
প্রথম ধাপ: ৫টি প্রিয় জিনিস বেছে নিন
ঘরের ভেতর থেকে এমন পাঁচটি জিনিস নির্বাচন করুন, যেগুলো আপনার সবচেয়ে পছন্দের বা ঘরের সৌন্দর্য বাড়ায়। এগুলো হতে পারে প্রিয় বই, শো-পিস, গাছ বা কোনো স্মৃতিবিজড়িত জিনিস। এই ধাপে আপনি বুঝতে পারবেন, কোন জিনিসগুলো আপনি সত্যিই রাখতে চান।
দ্বিতীয় ধাপ: ৫টি অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন
এরপর ঘর থেকে পাঁচটি এমন জিনিস বাদ দিন, যেগুলো আর ব্যবহার হয় না বা শুধু জায়গা দখল করে আছে। এতে ঘরে অনেকটা ফাঁকা ও গোছানো অনুভূতি তৈরি হবে।
তৃতীয় ধাপ: ৫টি নতুন জিনিস যোগ করুন
সবশেষে ঘরে পাঁচটি ছোট নতুন জিনিস যুক্ত করুন। এগুলো হতে পারে নতুন কুশন কভার, ছোট গাছ, ল্যাম্প, ছবি বা ছোট কোনো ডেকোরেশন আইটেম। বড় কিছু না হলেও এই ছোট পরিবর্তনেই ঘর নতুন ও সতেজ লাগে।
কেন এই পদ্ধতি কার্যকর?
এই নিয়মের সবচেয়ে বড় সুবিধা হলো এর সহজতা। পুরো ঘর একসঙ্গে বদলানোর চাপ নেই, ধাপে ধাপে পরিবর্তন আনা যায়। অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দিলে জায়গা বাড়ে, আর প্রয়োজনীয় জিনিসগুলো আরও স্পষ্টভাবে চোখে পড়ে।
একটি ছুটির দিনেই এই কাজ করা সম্ভব এবং এতে খরচও কম হয়। একইসঙ্গে ঘর হয়ে ওঠে আরও পরিচ্ছন্ন ও আরামদায়ক।
সবচেয়ে বড় কথা, এই পদ্ধতি আপনাকে নিজের ঘরের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। আপনি বুঝতে পারেন কোন জিনিসগুলো সত্যিই গুরুত্বপূর্ণ, আর কোনগুলো শুধু জমে আছে। রান্নাঘর, শোয়ার ঘর, বসার ঘর বা বাথঘর, সব জায়গাতেই এই সহজ ‘৫-৫-৫’ নিয়ম প্রয়োগ করে ঘরকে নতুন করে সাজানো সম্ভব।
আজকের সিলেট/ডি/এসটি
লাইফস্টাইল ডেস্ক 








