সিলেট থেকে মদিনা গেলো প্রথম হজ ফ্লাইট
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:০৩ PM

সিলেট থেকে মদিনা গেলো প্রথম হজ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ০৯:২৭:০৩ AM

সিলেট থেকে মদিনা গেলো প্রথম হজ ফ্লাইট


সিলেট থেকে মদিনাগামী সরাসরি হজ ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। রোববার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-৫৩৭) মদিনার উদ্দেশে উড়াল দেয়।

এর আগে রাত সাড়ে ৯টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপারচার লাউঞ্জে ফ্লাইটটির উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি হজযাত্রীদের দেশের জন্য দোয়া করার আহ্বান জানান। তিনি বলেন, আল্লাহ যেন হজযাত্রীদের হজ কবুল করেন এবং তাদের সুস্থভাবে দেশে ফিরিয়ে আনেন—এটাই কামনা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক (ডিএম) মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, নির্বাচিত সরকার হিসেবে জনগণের সেবা নিশ্চিত করাই প্রধান দায়িত্ব। তিনি জানান, সরকার বিমান বহর আধুনিকায়নে বোয়িং থেকে ১৪টি এয়ারক্রাফট ক্রয় করছে, যাতে জাতীয় পতাকাবাহী বিমান আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ইনামুল হক চৌধুরী বলেন, হাজীদের বিদায় দেওয়া একটি সৌভাগ্যের বিষয়। হজ শেষে তারা অনেকটা পবিত্র হয়ে দেশে ফেরেন বলেও মন্তব্য করেন তিনি। সরকার হজযাত্রীদের কল্যাণে আন্তরিক বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, হাব সভাপতি আব্দুল হক, সেক্রেটারি আব্দুল কাদির, আটাবের সাবেক সভাপতি রেজওয়ান আহমদ, সিপার এয়ারলাইন্সের স্বত্বাধিকারী খন্দকার সিপার আহমদ, লতিফ ট্রাভেলসের পরিচালক আজহারুল কবির চৌধুরী শিরুসহ বিমান, সিভিল এভিয়েশন ও হাব নেতৃবৃন্দ। পরে দরগাহে হযরত শাহজালাল (র.) মসজিদের ইমাম হাফিজ মাওলানা আসজাদ আহমদ মোনাজাত পরিচালনা করেন।

প্রসঙ্গত, এবারের হজ মৌসুমে সিলেট থেকে মোট ৭টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে রোববারের ফ্লাইটটি মদিনাগামী, বাকি ৬টি ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে। আগামী ১৪, ১৫, ১৬ ও ১৭ (দুটি ফ্লাইট) এবং ১৮ মে এসব ফ্লাইট সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর