সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৫, একই পরিবারের তিনজন
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:০১ PM

সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৫, একই পরিবারের তিনজন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ০৯:১৩:৫৪ PM

সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৫, একই পরিবারের তিনজন


সুনামগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। এর মধ্যে একই পরিবারের সদস্য রয়েছেন তিনজন।

সোমবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাহিরপুর উপজেলার তিওর জালাল গ্রামের ইউসুফ আলী, ইউসুফ আলীর দুই মেয়ে নিলুফা আক্তার (৩০), কেয়া মনি (১৭) ও ভাতিজী জামাই একই উপজেলার বিন্নাকুলি গ্রামের মো. শাহাব উদ্দিন। তবে নিহত সিএনজি চালকের পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও ঢাকা মেট্রো-ব ১১-৭৭৬১ নম্বরের রিফাত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ মোতালেব হোসেন জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা হাসেম মিয়া নিহত হন। এছাড়া ঘটনাস্থলে আরও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়।

পরে গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ৫ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার।

দুর্ঘটনায় আহত ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর