দিরাইয়ে দুপক্ষের রণক্ষেত্র: আহত ৪০
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:০৬ PM

দিরাইয়ে দুপক্ষের রণক্ষেত্র: আহত ৪০

সংবাদদাতা

প্রকাশিত: ১২/০৫/২০২৬ ০৯:১৫:১১ PM

দিরাইয়ে দুপক্ষের রণক্ষেত্র: আহত ৪০


সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলিনগর গ্রামে মঙ্গলবার বিকেলে ঘটা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে এক পক্ষ অপর পক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

​স্থানীয় সূত্র জানায়, আলিনগর গ্রামের সাবেক ইউপি সদস্য শাহ দীপ ও রফিক মিয়ার মধ্যে গ্রাম্য আধিপত্য ও পূর্ব বিরোধের জের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একাধিক মামলাও রয়েছে। সপ্তাহ খানেক আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার বিকেলে শাহ দীপ ভাটিপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে রফিক মিয়ার লোকজন তাকে গতিরোধ করে মারধর শুরু করে। এই খবর গ্রামে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘণ্টা ব্যাপী চলা এই সংঘর্ষে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়।

​সংঘর্ষে আহতদের চিৎকার ও আর্তনাদে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে গুরুতর আহত আল আমিন (২৬), রতন মিয়া (২৭) ও সোনাই মিয়াকে (৭৫) আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক। এছাড়া রফিক মিয়ার পক্ষের ২০ জনসহ আরও বেশ কয়েকজন সুনামগঞ্জ সদর ও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওসি জানায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর