লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। বুধবার বৈরুতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। সাম্প্রতিক হামলাগুলোতে এখন পর্যন্ত অন্তত পাঁচজন বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে।
দূতাবাস সূত্র জানায়, গত ১১ মে রাতে নাবাতিয়ের মাইফাদুন এলাকায় একটি আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস ও নরসিংদীর করিম মিয়া নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বুধবার লেবানিজ আর্মি ও লেবানিজ রেডক্রসের সহায়তায় হামলাস্থল থেকে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। পাশের বাসায় থাকা প্রবাসী বাংলাদেশি কর্মী রাজিব মরদেহটি শুভ কুমার দাসের বলে শনাক্ত করেছেন। বর্তমানে মরদেহটি নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে।
অন্যদিকে একই হামলায় নিহত করিম মিয়ার মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা ঝুঁকির কারণে এখন পর্যন্ত লেবানিজ আর্মি ও রেডক্রস মরদেহটি উদ্ধার করতে পারেনি। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
এর আগে গত সোমবার একই এলাকায় আরেকটি ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হন। এছাড়া গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বোমা হামলায় দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নারী প্রাণ হারান।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে দূতাবাস কাজ করছে বলে জানানো হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
আন্তর্জাতিক ডেস্ক 








