হবিগঞ্জের মাধবপুরে চা বাগান এলাকায় বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সৈয়দ মো. শাহজাহান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চা বাগান এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে এসব জনগোষ্ঠীর মানুষের জীবনমান আরও উন্নত হবে।
শাহজাহান বলেন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল দীর্ঘদিন ধরে চা শ্রমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। জাতীয় সংসদে তিনি চা শ্রমিকদের ভূমি অধিকারসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন। সরকারের এমন বাস্তবমুখী উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম–এর সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মো. জাভেদ এবং নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেলসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে উপজেলার ২৬৩ জন সুফলভোগীর মধ্যে প্রথম ধাপে ১২০ জনের হাতে উপকরণ তুলে দেওয়া হয়। প্রতিটি পরিবারকে দুটি করে ছাগল, পাঁচটি ফ্লোর ম্যাট, টিন, খুঁটি এবং ৫০ কেজি পশুখাদ্য প্রদান করা হয়।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








