স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং বাংলা চলচ্চিত্রের বহু জনপ্রিয় ও আধুনিক গানের প্রখ্যাত সংগীতশিল্পী প্রয়াত প্রবাল চৌধুরীর দুই প্রজন্ম এবার রোমান্টিক দ্বৈত গান নিয়ে হাজির হচ্ছেন আসন্ন ঈদুল আজহায়।
‘বলে দিতে পারো’ শিরোনামের এ গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী প্রবাল চৌধুরীর কনিষ্ঠপুত্র রঞ্জন চৌধুরী এবং জ্যেষ্ঠ পুত্র তাপস চৌধুরীর কন্যা রীতিশা চৌধুরী পুনম।
রঞ্জন চৌধুরী দেশের টেবিল টেনিসে পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন এবং ‘মানস’ নামে সুপরিচিত। পেশায় তিনি একজন দন্ত চিকিৎসকও। তার একক অ্যালবাম রয়েছে চারটি এবং দ্বৈত ও মিশ্র অ্যালবাম রয়েছে প্রায় ২৫টি।
প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলীর সুরে বাংলা চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে ২০০১ সালে রঞ্জনের সংগীতজীবনের পথচলা শুরু হয়। এরপর থেকে তিনি তার সুর ও গায়কী দিয়ে অসংখ্য শ্রোতার প্রশংসা কুড়িয়েছেন।
সেই ধারাবাহিকতায় এবার নিজের সুরে, সৌগত রানা কবিয়ালের কথায় এবং সব্যসাচী রনির সংগীতায়োজনে রোমান্টিক এ গানটিতে রীতিশা চৌধুরী পুনমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি।
গানটি প্রসঙ্গে রঞ্জন চৌধুরী বলেন, ‘পুনম খুবই প্রতিভাবান এবং সুমধুর কণ্ঠের অধিকারী। আমার মনে হয়েছে, এই গানটি সে ভালো গাইতে পারবে। সে কারণেই প্রায় দুই মাস ধরে গানটির প্রতিটি লাইন তাকে শিখিয়েছি। শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। নিজের সন্তানের সঙ্গে গাইতে পেরে আমিও অনেক উচ্ছ্বসিত।’
ঈদুল আজহা উপলক্ষে গানটি ‘রঞ্জন চৌধুরী’র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। গানটির রেকর্ডিং হয়েছে চট্টগ্রামের ‘কে.এস ডিজিটাল স্টুডিও’-তে।
রঞ্জন চৌধুরীর পিসি শিল্পী উমা খান জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং কল্যাণী ঘোষ সংগীতে একুশে পদকপ্রাপ্ত।
আজকের সিলেট/ডি/এসটি
বিনোদন ডেস্ক 








